সরকারি কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোন পোস্ট দেওয়া ও লাইক-শেয়ার দিলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
বিশেষ করে ফেসবুকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনাে পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পােস্ট দেয়া হতে বিরত থাকতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের।
একই সঙ্গে অন্য কোনাে রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিওবা ভিডিও আপলােড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৭ মে) এই পরিপত্র জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' প্রণয়ন করা হয়। উক্ত নির্দেশিকায় সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান এবং কর্মচারীগণের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং এ ক্ষেত্রে প্রয়ােজনীয় নিরাপত্তা ও গােপনীয়তা নিশ্চিত করার বিষয়ে উল্লেখ করা হয়।
আরো বলা হয়, সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট’ ও ‘ফ্রেন্ড' সিলেকশনে সকলকে সর্তকতা অবলম্বন এবং অপ্রয়ােজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। সামাজিক যােগাযােগ মাধ্যমের অপব্যবহার বা নিজ একাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সে জন্য প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।